গ্যাস বণ্টনে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু ব্যবহারে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। ৩০ লাখ স্মার্ট গ্যাস মিটার লাগবে। জাপান ব্যাংক, বিশ্বব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় মিটার লাগাতে পারলে গ্যাসের অপচয় রোধ করা যাবে। তিতাসের জন্য ৭ লাখ এবং কর্ণফুলীর জন্য ৪ লাখ ৩৫ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে, যা গ্যাসে মিতব্যয়ী ব্যবহার নিশ্চিত করবে।
সোমবার ১১ লাখ ৩৫ হাজার গ্যাসের মিটার পেতে জ্বালানি বিভাগের সঙ্গে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিক) সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ।
তিন বছরের জন্য সই করা এই সমঝোতা স্মারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোছা. লায়লাতুন ফেরদৌস ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যাংকের দিল্লিস্থ প্রধান প্রতিনিধি কোরিহারা তুশিহিকো সই করেন।
এসময় অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম ও জেবিকের মহাপরিচালক সুজুকি রাইউতা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বাংলাদেশে জাপান অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে, সেখানে এরইমধ্যে যেসব জাপানি মিটার নিয়ে কাজ করছেন, তারা একটি কারখানা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে আরও মিটার কারখানা তৈরিতে বিভিন্ন জাপানি কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে। জাপানি এসব কারখানাগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য জাপানের বিভিন্ন ব্যাংক ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে।







